
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তির পর প্রথমবারের মতো একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই ঘটনাকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শাফাক নিউজের তথ্য অনুযায়ী, সোমবার জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর উপাত্তের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভারতের জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনেট পরিচালিত এলএনজি জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগর ও আরব সাগরের দিকে যাত্রা করে।
সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া শান্তি চুক্তির অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হয়েছে।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় সচল হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা কমবে বলে বিশ্লেষকদের ধারণা।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা অতিরিক্ত বাধা ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উন্নয়ন এবং হরমুজ প্রণালির পুনরায় চালু হওয়া বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন