
ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালানো হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করলেও এখন পর্যন্ত সেখানে ক্ষেপণাস্ত্র হামলা কিংবা মার্কিন যুদ্ধবিমানের আঘাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপটির অন্তত তিন থেকে পাঁচটি স্থানে হামলা হয়েছে। পরে তাসনিম আরও জানায়, কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, হামলায় আহত চার সেনাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সামান্য আহত অন্য সেনাসদস্যরাও প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন।
মন্তব্য করুন