
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৬ জুলাই) সকালে সংগঠনটির যশোর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘জুলাইয়ের ২য় বর্ষপূর্তি, জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বিনির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।
সকাল ১০টার দিকে যশোর শহরের ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চিত্রার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।
মিছিল শেষে দড়াটানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। তারা গণভোটের রায়ের প্রতি সম্মান জানানো, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ইনসাফভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্কুল সম্পাদক ড. জায়েদ আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন, শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিল, অফিস সম্পাদক আবু হাসান, অর্থ সম্পাদক আরাফাত হুসাইন, এইচআরডি সম্পাদক রাসেল ফারহান, সাহিত্য সম্পাদক মুহিবুল্লাহ হুসাইন, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জাহিদ হাসান, আইন সম্পাদক আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
মন্তব্য করুন