রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ

ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

চলতি বর্ষা মৌসুমে অব্যাহত বর্ষণে ভবদহ অঞ্চলের দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ এখন দুর্বিষহ জীবন যাপন করছেন। এই পরিস্থিতিতে ভবদহ অঞ্চলের চলমান ভয়াবহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। একই সঙ্গে আগামী ৩ আগস্টের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। স্মারকলিপিতে সঙ্কট নিরসনে চার দফা দাবি তুলে ধরা হয়েছে।

দাবিগুলো হলো, জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কার সম্পন্ন এবং বিলম্বের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। খর্ণিয়া দক্ষিণ পাশের বাঁধসহ সব অস্থায়ী বাঁধ অপসারণ এবং খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত নদীর পলি অপসারণ।

আইডব্লিউএমের সুপারিশ অনুযায়ী পর্যায়ক্রমে টিআরএম বাস্তবায়ন এবং নদী খননের সঙ্গে সমন্বিত সংস্কার কার্যক্রম গ্রহণ। পানিবন্দি মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

স্মারকলিপিতে বলা হয়, টানা বর্ষণে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ভবদহ এলাকার দুই শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার গবাদিপশু নিয়ে উঁচু সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রতিদিনই পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

সংগঠনের অভিযোগ, দীর্ঘ আন্দোলনের পর সরকার ভবদহ সমস্যার সমাধানে আমডাঙ্গা খাল সংস্কার, হরি নদীসহ সংশ্লিষ্ট নদী খনন এবং জনগণের মতামতের ভিত্তিতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। ফলে সংকট আরও গভীর হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমডাঙ্গা খালের সংস্কারের কার্যাদেশ দুই বছর আগে দেওয়া হলেও কাজ এখনো শুরু হয়নি। অথচ এই খাল দিয়ে ভবদহ এলাকার প্রায় ২৫ শতাংশ পানি নিষ্কাশনের সুযোগ রয়েছে বলে দাবি সংগঠনটির।

এতে আরও বলা হয়, ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ দশমিক ৫ কিলোমিটার হরি ও ভদ্রা নদী খনন প্রকল্পের কাজও এখনো অসম্পূর্ণ। নদী খননের সময় খর্ণিয়া সেতুর দক্ষিণ পাশে দেওয়া অস্থায়ী বাঁধ এবং জমে থাকা পলি অপসারণ না করায় এবারের বর্ষায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। তাই খর্ণিয়া থেকে কুলবাড়িয়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার নদীপথের পলি দ্রুত অপসারণ এবং সব অস্থায়ী বাঁধ অপসারণের দাবি জানানো হয়েছে।

সংগঠনটি আরও দাবি করে, নদী খননের পাশাপাশি টিআরএম বাস্তবায়ন না করায় প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে না। আইডব্লিউএমের (ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং) সমীক্ষায় ভবদহ অববাহিকায় পর্যায়ক্রমে বিভিন্ন বিলে টিআরএম বাস্তবায়নের সুপারিশ এসেছে এবং জাতীয় কর্মশালায় অধিকাংশ অংশীজনও সেই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন। তাই নদী খনন ও টিআরএম একসঙ্গে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ইতোমধ্যে দুই শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে আগামী ৩ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য জিল্লুর রহমান ভিটু, অনিল বিশ্বাস, শেখর রায়, মাসুদ শেখ, সাধন বিশ্বাস, বিকাশ চন্দ্র মল্লিক, পলাশ বিশ্বাস, রাজু আহমেদসহ অন্যান্য নেতারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

X