
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী দীর্ঘ পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটিতে তটিনীর চরিত্রের নাম ‘নূরজাহান’।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তটিনীর চরিত্রের প্রথম লুক প্রকাশ করেছে। প্রথম লুক প্রকাশের পর থেকেই নতুন ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘ফিরে আসার গল্প’ নাটকে তটিনীর সঙ্গে অভিনয় করবেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুও।
নির্মাতা মোস্তফা কামাল রাজ জানান, পারিবারিক গল্পকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে নতুন এই ধারাবাহিক। আগামী মাসে এর শুটিং শুরু হবে। পরে নাটকটির সম্প্রচারসূচি জানানো হবে।
এর আগে নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তটিনী। সম্প্রতি এই নির্মাতার নতুন নাটক ‘পথহারা’-এর শুটিংও শেষ করেছেন তিনি।
এদিকে, তটিনীকে সর্বশেষ দেখা গেছে জাকারিয়া সৌখিনের ‘কাজল চোখের মেয়ে’ নাটকে। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে প্রকাশের মাত্র আট দিনের মধ্যেই নাটকটি ১ কোটি ৩০ লাখের বেশি ভিউ অর্জন করেছে।
অন্যদিকে, আজ প্রকাশ পাচ্ছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। নতুন ধারাবাহিক ও একাধিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
মন্তব্য করুন