
গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা শুভ সংঘের আয়োজনে শহরের সুখনগর এলাকায় চেম্বার অব কমার্সের মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিন মাস মেয়াদি সেলাই প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলার ৩৬ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক মো. ইদ্রিসউজ্জামান মোনা এবং নাট্যকর্মী মানিক বাহার। এছাড়া বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভ সংঘের এ উদ্যোগ গ্রামীণ পর্যায়ের অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ও টেকসই ভূমিকা রাখবে। তারা আরও বলেন, সমাজকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়নও সমানভাবে প্রয়োজন। নারীদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করে জীবনমান উন্নত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এদিকে বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
মন্তব্য করুন