
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংঘটিত এ ঘটনায় কোস্ট গার্ডের অন্তত তিন সদস্য আহত হয়েছেন।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনসংলগ্ন জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপনের পর দস্যুদের রসদ, লজিস্টিকস ও অস্ত্র সরবরাহের পথ কার্যত বন্ধ হয়ে যায়।
কোস্ট গার্ডের ধারণা, সুন্দরবনে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ায় বনদস্যু ও তাদের স্থানীয় সহযোগীরা ক্ষুব্ধ ছিল। তাদের অপতৎপরতা পুনরায় নির্বিঘ্নে চালানোর উদ্দেশ্যে কোস্ট গার্ডকে এলাকা থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
ঘটনা সম্পর্কে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “কোনো ধরনের হামলা, ভয়ভীতি কিংবা বিভ্রান্তিমূলক অপপ্রচারের মাধ্যমে কোস্ট গার্ডের অভিযানিক কার্যক্রম ব্যাহত করা যাবে না। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে কোস্ট গার্ড সর্বদা বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, হামলার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ওই এলাকায় ইতোমধ্যে যৌথ অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন