
কক্সবাজারে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও রাজনৈতিক সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য নতুন সহায়তা প্যাকেজ ও সামাজিক উন্নয়নের নানা উদ্যোগের ঘোষণা দিয়েছেন।
পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় তিনি বলেন, বিএনপির রাজনীতি সবসময়ই জনগণের কল্যাণে নিবেদিত। কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে এককালীন ২৫০০ টাকা প্রদান করা হবে, যা বীজ ও কীটনাশক কেনার কাজে ব্যবহার করা যাবে।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষকদের পাশে দাঁড়ানোই দলের অন্যতম অঙ্গীকার।
নারীদের শিক্ষা প্রসঙ্গে বক্তব্যে তিনি উল্লেখ করেন, দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী এবং তাদের স্বাবলম্বী হওয়া দেশের উন্নয়নের জন্য জরুরি।
এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অবদানের কথা উল্লেখ করে বলেন, নারীদের শিক্ষার সুযোগ বাড়ানো হয়েছে এবং স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা ফ্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসে আগমন করেন তারেক রহমান। এরপর তিনি পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর মাসুমঘাট সংরক্ষিত বনে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ভারসাম্য রক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দিনব্যাপী সফরে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহিদ ওয়াসীমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনেও অংশ নেবেন।
চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দিন শেষে তিনি কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরকে কেন্দ্র করে কক্সবাজারে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। নিরাপত্তা, জনসভা ও অন্যান্য কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
মন্তব্য করুন