
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এই শর্তে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
মার্কিন সিনেট প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী টেলি-র্যালিতে ফোনে যুক্ত হয়ে ট্রাম্প বলেন, আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন, আজই আমরা ইরানের সঙ্গে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটিয়েছি।
তিনি আরও দাবি করেন, এই সমঝোতার অন্যতম প্রধান শর্ত ছিল ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এবং তেহরান তা মেনে নিয়েছে।
ট্রাম্প বক্তব্যের পরবর্তী অংশে বলেন, আজ আমরা ইরানের সঙ্গে সব ঝামেলার চূড়ান্ত নিষ্পত্তি করেছি।
তার ভাষায়, এটি একটি “চমৎকার চুক্তি”, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমবে এবং সেখানে মোতায়েন থাকা সেনারা নিজ দেশে ফিরে আসতে শুরু করবে।
ওমান উপকূল এবং হরমুজ প্রণালি ঘিরে গত কয়েক মাস ধরে চলা সামরিক উত্তেজনার পর এই ঘোষণাকে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের মোড় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার প্রায় সব কৌশলগত লক্ষ্য অর্জন করেছে এবং পরিস্থিতি এখন শান্তির দিকে এগোচ্ছে।
তবে এই সমঝোতা নিয়ে এখনো আন্তর্জাতিক পর্যায়ে বিস্তারিত যাচাই বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, ফলে বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন