
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন।
ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। এছাড়া অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। কারও কারও ক্ষেত্রে নিউজফিড আপডেট না হওয়া এবং বিভিন্ন ফিচার ঠিকমতো কাজ না করার সমস্যাও দেখা দিয়েছে।
অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকের এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে। সেখানে বিপুল সংখ্যক ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।
তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কী কারণে এই প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়েও এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
সাময়িক এই বিভ্রাটের কারণে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। সমস্যা দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।
মন্তব্য করুন