
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং স্থানীয় জনসাধারণের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে তাদের প্রবেশের চেষ্টা লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিজিবির সহায়তায় সীমান্তের ১৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওই ব্যক্তিদের পুনরায় ভারতীয় অংশের দিকে ফেরত পাঠানো হয়। ফলে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্র আরও জানিয়েছে, বর্তমানে নারী, পুরুষ ও শিশুসহ ওই ১২ জন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ অংশে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি স্থানীয় জনগণও সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রেখেছেন।
ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন