
দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (সাপ্তাহিক ছুটির দিন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। ফলে নৌপথে চলাচলকারী নৌযান ও নদীবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রঝড়ের সময় খোলা স্থানে অবস্থান না করা, নদী ও জলাশয়ে চলাচলে সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়া জরুরি। বৈরী আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে।
মন্তব্য করুন