
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৯৯০ জন কৃষকের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের হাতে আধুনিক কৃষি উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৯৯০ জন কৃষকের মধ্যে উন্নত জাতের মোট ৪ হাজার ৯৫০টি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম অঙ্গীকার। কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচি একদিকে যেমন কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ পুনর্বাসন সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে সরকারি এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের পরিবেশবান্ধব বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, যুগ্ম সম্পাদক মো. হাসান আলী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্রসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষকরা।
আয়োজকরা জানান, কৃষি প্রণোদনার আওতায় দেওয়া এ সহায়তা কৃষকদের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কৃষিবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
০২ জুলাই ২০২৬, ১২:১০ এএম
০১ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
০২ জুলাই ২০২৬, ১২:২৫ এএম