
মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক হামলার পর সংঘাত আরও জটিল আকার ধারণ করায় বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা বেড়েছে।
বিশ্লেষকদের আশা ছিল, চলমান উত্তেজনা দ্রুত কমে আসবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে। তবে নতুন সংঘাতের কারণে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। এর প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে পড়তে শুরু করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ৭৮.৮০ মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৪ সেন্ট বা ১.০১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৪.২৬ মার্কিন ডলার প্রতি ব্যারেলে লেনদেন হচ্ছে।
এর আগে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের বিমান ও নৌবাহিনীর অন্তত আট সদস্য নিহত হন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তারা জানিয়েছে, মার্কিন হামলার ‘শাস্তিমূলক প্রতিক্রিয়া’ হিসেবে কুয়েতের ‘ক্যাম্প আরিফজান’ ও ‘আলি আল সালেম’ এবং বাহরাইনের ‘জুফায়ের’ ও ‘শেখ ইসা’ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই যৌথ অভিযান চালানো হয়।
মন্তব্য করুন