
রায়ান ব্রোবে ও কোডি গাকপোর দুর্দান্ত জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে পরাজিত করে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছে ডাচরা।
আগের ম্যাচে জাপানের বিপক্ষে দুইবার এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করতে হয়েছিল নেদারল্যান্ডসকে। তবে সুইডেনের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা।
মাত্র ৫ মিনিটেই গোলের সূচনা করেন রায়ান ব্রোবে। কোডি গাকপোর নিখুঁত পাস থেকে বল পেয়ে জালে পাঠান ডাচ এই স্ট্রাইকার। এরপর ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রোবে।
প্রথমার্ধের শেষ দিকে সুইডেন একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ডাচদের দাপট অব্যাহত থাকে। ৪৭ মিনিটে ডামফ্রিসের পাস থেকে গোল করেন লিভারপুল তারকা কোডি গাকপো। মাত্র সাত মিনিট পর দূরপাল্লার দারুণ শটে নিজের দ্বিতীয় গোলও পূর্ণ করেন তিনি।
চার গোল পিছিয়ে পড়ার পর ৫৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুইডেনের হয়ে একটি গোল শোধ করেন অ্যান্তনি এলেঙ্গা। তবে ম্যাচের শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে সামারভিলের গোলে স্কোরলাইন ৫-১ এ পৌঁছে যায়।
এই জয়ের ফলে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার আশা জিইয়ে রাখল নেদারল্যান্ডস। অন্যদিকে, বড় ব্যবধানে হারলেও আগের ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলে হারানোর সুবাদে সুইডেনেরও নকআউট সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।
নেদারল্যান্ডস তাদের পরবর্তী ম্যাচে ২৫ জুন তিউনিশিয়ার মুখোমুখি হবে। ম্যাচটি নকআউটের টিকিট নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন
৩০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
৩০ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম