
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে দেশের ওপর মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ুর অক্ষরেখা ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের সৃষ্টি ও বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বজায় রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রংপুর, রাজশাহী এবং বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১ জুলাই) দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২ জুলাই) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (০৩ জুলাই) রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শনিবার (০৪ জুলাই) সারা দেশে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন
৩০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
৩০ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম