
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে দৌসা জেলার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত প্রায় সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধার অভিযানের প্রাথমিক পর্যায়ে ছয়জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়ায়।
দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করেন। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে। বাসটির গতি, চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণ এবং ট্রাকের অবস্থানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মন্তব্য করুন
৩০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
৩০ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম