
দক্ষিণ ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার অভিযোগ তুলেছে তেহরান। ইরানি কর্মকর্তাদের দাবি, টানা ষষ্ঠ রাতের অভিযানে বিদ্যুৎকেন্দ্র, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের একটি সেতুতে হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
১৭ জুলাই প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বান্দার আব্বাসের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, দক্ষিণ ইরানের বিদ্যুৎকেন্দ্র, রেলস্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। একই সময়ে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী আর যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে ফিরে যাবে না। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান পরিচালনা করেছে তাদের বাহিনী।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়েছে, হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও নয়জন। আহতদের স্থানীয় হাসপাতাল ও জরুরি সেবাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন।
হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি এখনো স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হামলার কারণ এবং নিহতদের পরিচয় সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন