
সরকার গঠনের চার মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ থেকে ২৬ জুন পর্যন্ত ছয় দিনের সফরে তিনি মালয়েশিয়া ও চীন সফর করবেন। সফরটিকে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ এবং নতুন কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি।
২১ জুন কুয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। ২২ জুন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, সেমিকন্ডাক্টর শিল্প এবং জন-যোগাযোগ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হবে।
পররাষ্ট্র সচিব জানান, সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
এছাড়া বাংলাদেশকে আসিয়ানের ‘ডায়ালগ পার্টনার’ এবং ‘রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’-এ অন্তর্ভুক্ত করার বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাইবে ঢাকা।
মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। ২৩ ও ২৪ জুন তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেবেন।
এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বনেতা, নীতিনির্ধারক, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং উদ্ভাবকরা বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
২৩ জুন প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে কাজাখস্তান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
তিনি ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
পররাষ্ট্র সচিব বলেন, চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে ১৫-১৭টা দলিল স্বাক্ষরের আশা করছেন তারা। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান এবং আরেকটি প্রটোকল।
এসব দলিল অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সেখানে তিনি চীনা বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরবেন।
২৫ জুন চীনের গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
২৬ জুন প্রধানমন্ত্রী চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লি’র সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এই সফর বাংলাদেশ ও চীনের ‘কমপ্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’-কে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছে ঢাকা। তার মতে, সফরটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ মোট ২৭ সদস্যের প্রতিনিধি দল।
অন্যদিকে চীন সফরে ২৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য করুন
১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
১৯ জুন ২০২৬, ১০:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ১০:১৫ পিএম