
গত ১৭ বছরে তার পরিবারের ওপর হওয়া অন্যায়-অত্যাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিশোধ নয়, বরং দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই হওয়া উচিত। তিনি জানান, যদি তিনি তার মাকে প্রতিশোধ নেওয়ার বিষয়ে প্রশ্ন করতে পারতেন, তবে তার মা দেশের স্বার্থে সবাইকে একত্রিত করার পরামর্শই দিতেন।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পারিবারিক অভিজ্ঞতা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, গত ১৭ বছর আপনার ওপর যে অন্যায়-অত্যাচার হয়েছে, আমি কি তার প্রতিশোধ নেব? সেই ক্ষমতা আমার আছে। তবে আমার বিশ্বাস, আমার মা আমাকে বলতেন—প্রতিশোধ নয়, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আমার ছোট ভাইকেও একই প্রশ্ন করলে সেও মায়ের মতো একই উত্তর দিত।
তিনি বলেন, ব্যক্তিগত প্রতিশোধের পরিবর্তে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দেশে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নেয়া যায় না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ-অভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে তার মানে এই নয় যে কাউকে বঞ্চিত করে তা করা হবে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন