
যশোর শহরতলী খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় ফেসবুকে ইয়াবা সেবনের ছবি প্রকাশকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা রুবি খাতুন।
অভিযোগে জানা যায়, গত ১১ জুলাই সন্ধ্যার পর ভুক্তভোগী শাকিল তার ফেসবুক আইডিতে স্থানীয় যুবক রাজের ইয়াবা সেবনের একটি ছবি প্রকাশ করেন। এর জেরে ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শাকিলের ওপর হামলা চালানো হয়।
লিখিত অভিযোগে বলা হয়, হামলায় অভিযুক্ত রিপন কলু,তারেক হাসান অন্তর, সাজান কলু ও রাজসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি অংশ নেন। তারা লাঠি, সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে শাকিলকে এলোপাতাড়িভাবে মারধর করেন। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা মারধর অব্যাহত রাখেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
মন্তব্য করুন