
ভারতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কাদাপা জেলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে জেলায় আরও আটজন সক্রিয় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশির উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়। পরবর্তীতে হাসপাতালের করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এনডিটিভি বলছে, নতুন সংক্রমণের পর স্বাস্থ্য বিভাগ রাজ্যটির ওই জেলায় বিশেষ টিম মোতায়েন করেছে। আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
জেলা পরিষদের এক বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছে। ভাইরাসের ধরন শনাক্ত এবং সংক্রমণের ধরণ বোঝার জন্য নমুনা পুনের একটি পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য করুন