
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন সামানজার সাঈদ।
এবারের প্রতিযোগিতার আয়োজন করে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)। বিচারকদের চূড়ান্ত মূল্যায়নে সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচিত হন সামানজার। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী, আর দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন লাবিবা মনজুর।
আয়োজকদের মতে, শুধু বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে নয়; বরং বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং সামাজিক দায়বদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
এবারের আসরের বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম। দেশের প্রতিষ্ঠিত এই ব্যক্তিত্বদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়েই চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়।
মুকুট জয়ের পরপরই বিশ্বমঞ্চের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্বের বিকাশ এবং প্রতিযোগিতার মূল অংশ ‘বিউটি উইথ আ পারপাস’-এর আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন।
আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হতে যাচ্ছে ৭৫তম মিস ওয়ার্ল্ডের মূল আসর। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের হয়ে সেখানে লড়বেন সামানজার। বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।
মন্তব্য করুন