
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯ সিলেট ও র্যাব-১ এর যৌথ অভিযানে শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার বিমানবন্দর থানার উত্তরা জসিমউদ্দিন এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি রফিকুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত রতন মিয়া (২৭) দিরাই উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আলীর সঙ্গে অভিযুক্তদের জমি ও খামার সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ মে প্রতিপক্ষের লোকজন শাহাব উদ্দিন আলীর ২০০ বস্তা বোরো ধান জোরপূর্বক নিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় গত ১২ মে বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাব উদ্দিন আলীকে পথরোধ করে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। খবর পেয়ে রতন মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে রতন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রতন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার পর থেকে প্রধান আসামি রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দিরাই উপজেলার আলীনগর গ্রামের মৃত ছোয়ার উদ্দিনের ছেলে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন