
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ রবিবার আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ আওতাধীন সব জেলার পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সব জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে এসব পরীক্ষার নতুন সময়সূচি জানানো হবে।
গতকাল চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। এদিকে রবিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত শুরু হয়। যার ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর পর থেকেই ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি তুলেছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
অন্যদিকে সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে। এসব জেলা থেকেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।
আজ রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা কিছুটা অবনতি হতে পারে।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
মন্তব্য করুন