
সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখার পর প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। থমাস টুখেলের ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ আখ্যা দিয়ে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা জানিয়েছেন, থ্রি লায়নসদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচটি তার জন্য হবে অত্যন্ত ‘বিশেষ’ কিছু।
গত শনিবার কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত সময়ে নিজ নিজ ম্যাচে জয় পায় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
আগামী বুধবার আটলান্টায় এই দুই দল মুখোমুখি হচ্ছে একটি ব্লকবাস্টার সেমিফাইনালে।
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইয়ের ইতিহাস বেশ দীর্ঘ ও নাটকীয়।
বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার দুটি ভিন্নধর্মী ঐতিহাসিক গোলের স্মৃতি ফুটবলপ্রেমীরা কখনো ভুলবেন না। তবে ২০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা মেসির ক্যারিয়ারে এটিই হতে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ।
ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘১৯৮৬ সালের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে আমি যা কিছু দেখেছি বা জানি, তা মূলত ভিডিও আর ছবি থেকে; যা আমরা আর্জেন্টাইনরা প্রতিনিয়ত দেখি ও রোমন্থন করি। তবে আমাদের এই দলটি প্রতিপক্ষ কে, তা নিয়ে ভাবার চেয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতেই বেশি অভ্যস্ত।’
তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের মতো পরাশক্তির বিরুদ্ধে খেলাটা নিঃসন্দেহে বিশেষ কিছু, কারণ বড় দলের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই অন্যরকম উন্মাদনা তৈরি করে। ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এটিই আমার প্রথম ম্যাচ হতে যাচ্ছে। ফুটবল বিশ্বে আমি প্রায় সবার বিপক্ষেই খেলেছি, শুধু ইংল্যান্ড বাকি ছিল। তাই এই কারণেও ম্যাচটি দারুণ হবে। আমরা এটিকে একটি বিশ্বকাপের সেমিফাইনাল হিসেবেই দেখছি এবং সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামার চেষ্টা করব।’
মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক টানাপোড়েন এই ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। স্পেন বা ফ্রান্সের বিরুদ্ধে আগামী রোববারের ফাইনালে ওঠার লড়াই নিয়ে আর্জেন্টিনার ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ বলেন, ‘মাঠের বাইরের দৃষ্টিকোণ থেকে এই ম্যাচটির পেছনে অনেক ইতিহাস ও জড়িয়ে থাকা বেদনা রয়েছে। তবে আমরা পেশাদার। আজ যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি, আগামী ম্যাচেও নিজেদের উজাড় করে দেব।’
কোয়ার্টার ফাইনালে ১০ জনের সুইজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনার জয়ের পথ সুগম করেছিলেন হুলিয়ান আলভারেস। অন্যদিকে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলেন জুড বেলিংহাম। ইংল্যান্ডের শক্তি ও ম্যাচ প্রসঙ্গে আলভারেস বলেন, ‘বিশ্বের শীর্ষ চার দলের মধ্যে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা জানি ইংল্যান্ড দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। তারা এই বিশ্বকাপে খুব ভালো খেলছে, তবে আমাদের এখন দ্রুত ক্লান্তি কাটিয়ে উঠে নিজেদের পরিকল্পনা সাজাতে হবে।’
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বুধবার রাত ১টায়।
মন্তব্য করুন