
যশোর শহরের উপশহর এলাকার কিসমত নওয়াপাড়া বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে। পরে রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কিসমত নওয়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে বাদশা আলম, সি-ব্লকের ইয়াকুবের ছেলে শান্ত ইসলাম, একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম, ৫ নম্বর সেক্টরের নওয়াব আলীর ছেলে বাবুল হোসেন এবং কিসমত নওয়াপাড়া গ্রামের হাসান গাজীর স্ত্রী মল্লিকা রহমান।
আদালত বাদশা আলমকে ২০০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। শান্ত ইসলামকে ২০ দিন, সামিউল ইসলাম ও বাবুল হোসেনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মল্লিকা রহমানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন