
খুলনা রেলওয়ে জেলার পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নম্বর: ৯৯১৮২১৪৯২৯)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার শৈলেন বিশ্বাসের ছেলে। গত বছরের ৩ নভেম্বর তিনি খুলনা রেলওয়ে জেলায় যোগদান করেন। সহকর্মীদের কাছে তার আচরণ-ব্যবহার ভালো ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র রেলওয়ে পুলিশ (এসআরপি) এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
খুলনা রেলওয়ে পুলিশের সুপার আহমেদ মাইনুল হাসান জানান, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত সম্রাট বিশ্বাসের ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তিনি তার ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে গুলিবিদ্ধ হন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন