
দিনাজপুরের চিরিরবন্দরের আলোচিত ও চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি মো. সাদেকুল ইসলাম (৩০) ও দ্বিতীয় আসামি মো. সাকিব (১৯)।
মঙ্গলবার (৩০ জুন) র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, ১২ মে সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী বেগপাড়া এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে শহিদুল হক দুলু ও তাঁর ছেলে জয়নাল আবেদিনকে কুপিয়ে ও শাবল দিয়ে নৃশংসভাবে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই শহিদুল হকের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় জয়নাল আবেদিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত শহিদুল হকের আরেক ছেলে বাদী হয়ে চিরিরবন্দর থানায় ১০ জনকেআসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৩, রংপুরের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় অভিযান চালায়। সোমবার দুপুরে আকমল আলী রোড এলাকা থেকে প্রধান আসামি সাদেকুল ইসলামকে এবং রাতে একই এলাকার ‘হোটেল ব্লুজোম ইন্টারন্যাশনাল’-এর সামনে থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন