
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকারের আমলে অবৈধভাবে পাহাড় কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি স্পষ্ট করে জানান, পাহাড় ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কোথাও যদি স্লুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের উচিত নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখা। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু ও বসতবাড়ির ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সরকার পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করবে।
এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
মন্তব্য করুন