
পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ট্রাকচালক ও হেলপারদের জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে বাবু মণ্ডলের ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের করা হয়। বিকেলে দিয়াড় বাঘইল এলাকার ওই ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সেখানে আসে।
এ সময় তারা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের জিম্মি করে মারধর করে। পরে ঝুটবোঝাই দুটি ট্রাক নিয়ে পালিয়ে যায়।
দুর্বৃত্তরা প্রথমে ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলসংলগ্ন একটি কড়ইগাছের নিচে কিছু সময় রাখে। পরে সেগুলো পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়কের গাছপাড়া এলাকায় নিয়ে যায়।
খবর পেয়ে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাতভর অভিযান চালায়। একপর্যায়ে জিম্মি ট্রাকচালকদের উদ্ধার করে এবং ঝুটসহ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয়।
ডিবির ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, এটি সাধারণ ছিনতাই নয়, বরং একটি পরিকল্পিত ডাকাতি। কারণ, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল এতে অংশ নিয়েছে। পুলিশের অভিযানের আগেই তারা একটি প্রাইভেটকারে পালিয়ে যায়। তবে জড়িতদের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন