
দ্বিতীয়ার্ধের মাঝপথে একজন খেলোয়াড় কমে যাওয়ার পরও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ের মাধ্যমে ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের বাধা পেরিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ান পুলিসিকের নেতৃত্বাধীন দল।
বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। বলের দখল, আক্রমণ তৈরি এবং গোলের সুযোগ সৃষ্টিতে পুরো ম্যাচজুড়েই প্রতিপক্ষের ওপর আধিপত্য বজায় রাখে স্বাগতিকরা।
প্রথমার্ধের ৪৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের বাড়ানো বল বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে পৌঁছে যায় ফোলারিন বালোগানের সামনে। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে গোলরক্ষক ভাসিলজকে পরাস্ত করে দলের হয়ে প্রথম গোলটি করেন বালোগান। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে ম্যাচে নাটকীয়তা যোগ হয়। গোলদাতা ফোলারিন বালোগান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ ২৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
তবে একজন কম নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি যুক্তরাষ্ট্র। ৮২তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। এরপর বসনিয়া আর ম্যাচে ফিরতে পারেনি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে স্বাগতিকরা। আগামী ৬ জুলাই সিয়াটলে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন