
পারমাণবিক শক্তিকে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর লক্ষ্যে ভারতকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৯ জুলাই) মেলবোর্নে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের উপস্থিতিতে এ-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়।
নতুন চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর তত্ত্বাবধানে শুধুমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম আমদানি করবে ভারত। ফলে দীর্ঘদিনের অপেক্ষার পর দুই দেশের মধ্যে পারমাণবিক জ্বালানি সহযোগিতা বাস্তব রূপ পেতে যাচ্ছে।
ভারত ২০৪৭ সালের মধ্যে অন্তত ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্য অর্জনে বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম মজুদসমৃদ্ধ দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০১৪ সালে ভারত ও অস্ট্রেলিয়া বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে নীতিগতভাবে সম্মত হলেও ইউরেনিয়ামের সম্ভাব্য অপব্যবহার বা অস্ত্র তৈরিতে ব্যবহারের আশঙ্কায় সরবরাহ কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। নতুন প্রশাসনিক কাঠামো সেই অনিশ্চয়তা দূর করে ইউরেনিয়াম রপ্তানির পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ বলেন, আমরা ২০১৪ সালের চুক্তির অধীনে ভারতকে কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম রফতানি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক বন্দোবস্ত সম্পন্ন করার ঘোষণা দিতে পেরে আনন্দিত।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে দেশের পরিবেশবান্ধব, টেকসই এবং পরিচ্ছন্ন জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
মন্তব্য করুন