
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমতি (এফপিএবি) ১৯৫৩ সাল থেকে গত ৭৩ বছর ধরে সারা দেশের ২১টি জেলায় শাখা অফিস ও ক্লিনিক এবং ৫টি জেলায় বিশেষ কর্ম ইউনিট ও ক্লিনিকের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা দিয়ে আসছে।
সম্প্রতি দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চোখের চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমতি (এফপিএবি) এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের (পিবিএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। নিকুঞ্জ-২ এ অবস্থিত প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক আই হসপিটালের মাধ্যমে এফপিএবি-এর সুবিধাভোগী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার বিশেষ ছাড়ে এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চোখের চিকিৎসাসেবা পাবেন। এ ছাড়া এফপিএবি-এর দেশব্যাপী ২১টি জেলায় থাকা নিজস্ব নেটওয়ার্ক ও সেন্টারের মাধ্যমে যৌথভাবে আই ক্যাম্প (চোখের ক্যাম্প), সচেতনতামূলক কার্যক্রম ও রেফারেল সেবা পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে, গাজীপুরে এফপিএবির ক্লিনিকে একটি আধুনিক ভিশন সেন্টার তৈরি করা হবে।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের পক্ষে সিইও মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী এবং এফপিএবি-এর পক্ষে নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. নূরুল্লাহ আওয়াল এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. জাহাঙ্গীর আলম, প্রাইম ব্যাংক আই হসপিটালের সমন্বয়কারী মেহতাজ ইকবাল খান, এফপিএবি-এর অফিসার (প্রোগ্রাম) মো. কামরুজ্জামান উজ্জ্বল এবং ঢাকা শাখার জেলা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে এফপিএবি-এর মানব সম্পদ ও প্রশাসন বিভাগের জনাব নজরুল ইসলাম এবং প্রস্তাবিত প্রাইম ব্যাংক হসপিটাল পিএলসি-এর ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের এফপিএবির কর্ম এলাকায়, সাধারণ মানুষের চোখের সমস্যা ও অন্ধত্ব দূরীকরণ এবং চোখের যত্ন নিশ্চিতকরণে এটি একটি মাইলফলক ও দূরদর্শী উদ্যোগ হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন
০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম
০৭ জুলাই ২০২৬, ০৩:২৩ এএম