
হল ফি কমানোর দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার (২০ জুলাই) রাতে কলেজ ক্যাম্পাসের হল গেটের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা নির্ধারণ করা হলেও তিতুমীর কলেজে তা ৮ হাজার টাকা করা হয়েছে। বাড়তি এই ফি পরিশোধ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ছেন বলেও দাবি করেন তারা।
শিক্ষার্থীরা জানান, কয়েকদিন ধরে আন্দোলনের পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে হল ফি কমানোর আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে মাত্র ২০০ টাকা ফি কমানো হয়েছে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তাদের দাবি, হল ফি আরও কমিয়ে যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি-দাওয়া যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় কলেজের অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন তারা।
মন্তব্য করুন
২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
২০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম