
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক সাফফাত আরা সাঈদ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কর্মসূচি সফল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের কাছে সেবা পৌঁছে দিতে যোগ্যতার ভিত্তিতে দক্ষ জনবল নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সরকারি নির্দেশনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত ১৪ সদস্যের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, আইসিটি কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, আরএমও ডা. মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওলিয়ার রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোছাম্মদ নাসরিন আক্তার।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালীউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঝিকরগাছা পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের জন্য একজন করে মোট ১৩ জন সুপারভাইজার এবং ১৪০ জন গণনাকারী নিয়োগ দেওয়া হবে। আগামী ২৯ জুলাই আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে প্রাথমিক নিয়োগ চূড়ান্ত করা হবে। এ পর্যন্ত ৯০১ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন বলে সভায় জানানো হয়।
মন্তব্য করুন