
গাইবান্ধা জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) এর সংসদ সদস্য মমতাজ আলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ভিডিও চিত্রের মাধ্যমে গাইবান্ধা জেলার উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনাময় খাত এবং বিদ্যমান গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেন। পরে সংসদ সদস্য মমতাজ আলোর জেলার বিভিন্ন সম্ভাবনা কাজে লাগানো এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মমতাজ আলো। পরে তিনি জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
এদিকে মতবিনিময় সভায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনও অংশ নেন। সভায় দুই সংসদ সদস্যকে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভাসহ অন্যান্য নেতাকর্মীরা।
সময়সূচি অনুযায়ী আগামী ২৮ ও ২৯ জুলাই সংসদ সদস্য মমতাজ আলো ফুলছড়ি-সাঘাটা, সুন্দরগঞ্জ এবং সাদুল্লাপুর-পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মন্তব্য করুন