
মাগুরা সদর উপজেলার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক নিখোঁজ ছাত্রীকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।
রোববার (২৭ জুলাই) সকালে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ডিবি ও অন্যান্য ইউনিটের সমন্বয়ে অভিযান চালিয়ে আড়পাড়া পুরাতন টোল প্লাজা এলাকা থেকে ১১ বছর বয়সী আয়েশা নূরকে উদ্ধার করা হয়। সে শাহিন বিশ্বাসের মেয়ে।
পুলিশ জানায়, সকালে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ইজিবাইকে ওঠার পর আয়েশা নিখোঁজ হয়। খবর পাওয়ার পর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট তাৎক্ষণিক অভিযান শুরু করে এবং তিন ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া ছাত্রীর ভাষ্য অনুযায়ী, ইজিবাইকে ওঠার সময় এক অপরিচিত ব্যক্তি একই যানবাহনে উঠে তার ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরে পেয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে। এরপর জেলা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ছাত্রীর দেওয়া তথ্য যাচাই-বাছাই করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন অভিভাবকদের প্রতি সন্তানদের চলাফেরার বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।
মন্তব্য করুন