
অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ শৃঙ্খলা-২ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রোববার স্বাক্ষরিত ওই চিঠি সোমবার বিকালে বাগেরহাটে পৌঁছায়।
শনিবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালে নানা অনিয়ম দেখতে পান। হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের কক্ষে সরকারি ওষুধ, স্যালাইন, সুই-সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী পান। এমনকি শৌচাগারেও ছিল স্যালাইন ও ওষুধ।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী বিভাগীয় পরিচালককে নির্দেশনা দেন।
এর পরিপ্রেক্ষিতে রোববার স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (স্বাস্থ্য) শফিউর রহমান ও বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান হাসপাতাল পরিদর্শন করেন।
এরপরই কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্তের চিঠি আসে।
ওই চিঠিতে বলা হয়, কামাল হোসেন মুফতি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিদর্শনকালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন, এমনকি শৌচাগারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। যা চিকিৎসা সেবার সুনাম নষ্ট করছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে চিঠিতে বলা হয়েছে।
সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান বলেন, ওই চিঠির আদেশ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন