
যশোরে এক নারীকে অপহরণ করে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী যশোর সদর উপজেলার বকচর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত নূর আলম হোসেন (৩১) শার্শা উপজেলার বড় নিজামপুর গ্রামের বাসিন্দা।
২০১৯ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। পরবর্তীতে চিকিৎসাগত পরীক্ষার মাধ্যমে নূর আলমের সন্তান জন্মদানের সক্ষমতা না থাকার বিষয়টি জানতে পেরে চলতি বছরের ১৮ জানুয়ারি বাদী তাঁকে তালাক দেন। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে তাকে পুনরায় বিয়ের জন্য মোবাইল ফোনে চাপ ও হুমকি দিতে থাকেন। গত ২৫ মার্চ পরিবারের কয়েকজনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে যশোর শহরের মুজিব সড়কের টাউন হল মাঠসংলগ্ন একটি কাজী অফিসে নিয়ে জোরপূর্বক পুনরায় বিয়ে করেন। এর দুই দিন পর ২৭ মার্চ ভুক্তভোগী নারী তাঁকে আবারও তালাক দেন। এর পরও অভিযুক্ত নিয়মিত তাকে প্রাণনাশ ও শারীরিক ক্ষতির হুমকি দিয়ে আসছিলেন।
গত ২৬ জুন রাত আটটার দিকে যশোর শহরের মনিহার মোড়ে ফল কিনতে গেলে অভিযুক্ত ও অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি ভুক্তভোগীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে শার্শা উপজেলার বড় নিজামপুরে অভিযুক্তের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে একটি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন ও একাধিকবার ধর্ষণ করা হয়।
সর্বশেষ গত ২৩ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি তাঁকে আবারও ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে গত ২৫ জুলাই সকালে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে সুযোগ বুঝে তিনি পালিয়ে এসে কোতোয়ালি থানায় মামলা করেন।
মন্তব্য করুন