
যশোর শহরের দড়াটানা মোড় এলাকার ভৈরব সুপারমার্কেটে অবস্থিত ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন সংরক্ষণ করা প্যাথিডিন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও ওই দোকান থেকে গোপনে মাদকাসক্তদের কাছে অধিক মূল্যে প্যাথিডিন বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তথ্যের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের একজন সদস্য ক্রেতা সেজে দোকান থেকে ৩০০ টাকায় একটি প্যাথিডিন ক্রয় করেন।
এর পরপরই অধিদপ্তরের একটি দল দোকানটিতে তল্লাশি চালায়। এ সময় দোকান থেকে লাইসেন্সবিহীনভাবে গোপনে সংরক্ষণ করা আনুমানিক ৩৫ থেকে ৪০টি প্যাথিডিন উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা প্যাথিডিনের সঠিক সংখ্যা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে কর্মকর্তারা জানান।
আটক দোকানমালিক শাহজাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য ও প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মন্তব্য করুন