
বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ইয়ন আরিয়াসের করা সেই গোলেই মূল্যবান জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।
এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া। আগামী মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এটি হবে তাদের জন্য বড় পরীক্ষা।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় কলম্বিয়া। দলের ফরোয়ার্ড ইয়ন কর্দোবা কুঁচকিতে চোট পেয়ে খেলা চালিয়ে যেতে না পারায় মাঠ ছাড়তে বাধ্য হন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পরিবর্তন আনেন কোচ নেস্তর লরেনসো। বদলি হিসেবে মাঠে নামানো হয় লুইস সুয়ারেসকে।
মাঠে নামার পরপরই আক্রমণে গতি আনেন লুইস সুয়ারেস। ম্যাচের ১৪তম মিনিটে দানিয়েল মুনিয়োসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি বক্সের ভেতরে নিখুঁত একটি ক্রস বাড়ান। সেখানে সুযোগের অপেক্ষায় থাকা ইয়ন আরিয়াস হালকা স্পর্শে বল জালে জড়িয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
আরিয়াসের এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হিসেবে জয় এনে দেয় কলম্বিয়াকে।
স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু হলেও তাপমাত্রা ছিল প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি, যা খেলোয়াড়দের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে।
মধ্যাঞ্চলের তীব্র গ্রীষ্মকালীন আবহাওয়ার কথা বিবেচনা করেই ম্যাচটি রাতের দিকে নির্ধারণ করা হয়েছিল। তবুও দুই দলের খেলোয়াড়দের পানিশূন্যতা, ক্লান্তি ও পেশিতে টানের মতো সমস্যার মুখোমুখি হতে হয়। নির্ধারিত ‘ওয়াটার ব্রেক’ বা পানি পানের বিরতিগুলো এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি এনে দেয়।
ঘানার বিপক্ষে কষ্টার্জিত জয়ের আত্মবিশ্বাস নিয়ে এখন শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। নকআউট পর্বের এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে লাতিন আমেরিকার দলটি।
মন্তব্য করুন