
পাবনার ভাঙ্গুড়ায় সাবেক এক যুবলীগ নেতাকে আটক করে থানায় নেওয়ার পর তাকে মুক্তির দাবিতে প্রায় ৩০০ গ্রামবাসী থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন। পরে পুলিশ ও গ্রামবাসীর প্রতিনিধিদের মধ্যে আলোচনা শেষে আটক রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে।
আটক রিপন সরকার উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের হাবিবুর সরকারের ছেলে। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিদর্শক আরিফুল ইসলাম পাটুলিপাড়া গ্রাম থেকে রিপন সরকারকে নাশকতার ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে আটক করে থানায় নিয়ে আসেন।
তবে স্থানীয়দের ভাষ্য, টেবুনিয়া বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পাটুলিপাড়া গ্রামের একটি খাসজমি ও ছোট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইউনুস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলছে। গ্রামবাসীর অভিযোগ, সরকারি জমি দখল করে ইউনুস সরকার সেখানে একটি ঘর নির্মাণ করেছিলেন।
পরে গ্রামবাসী ঘরটি ভেঙে সেখানে পুনরায় মাছের বাজার বসান এবং স্থানটিকে ছোট বাজার ও অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে ব্যানার টানান। অন্যদিকে ইউনুস সরকার জায়গাটি নিজের দাবি করে রিপন সরকারসহ কয়েকজন গ্রামবাসীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।
গ্রামবাসীর ভাষ্য, খাসজমি ও বাজারসংক্রান্ত বিরোধে তাদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছিলেন রিপন সরকার। এ কারণে তাকে হয়রানি এবং চলমান আন্দোলন থামানোর উদ্দেশ্যে আটক করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন