
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি ফেসবুক। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসা, শিক্ষা ও বিনোদন—সব ক্ষেত্রেই এর ব্যবহার বেড়েই চলেছে। তবে জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাও। শক্তিশালী পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করেও অনেক সময় সাইবার অপরাধীদের ফাঁদে পড়েন ব্যবহারকারীরা।
এই ঝুঁকি কমাতে নতুন একটি নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে মেটা। ‘ভেরিফিকেশন সেলফি’ নামের এই ফিচারটি অ্যাকাউন্টের প্রকৃত মালিককে শনাক্ত করতে সহায়তা করে এবং সন্দেহজনক লগইন বা অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত হলে অতিরিক্ত নিরাপত্তা স্তর হিসেবে কাজ করে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচারটি ব্যাকগ্রাউন্ডে অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করে। যখন কোনো সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হয়, তখন ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে মুখের সেলফি যাচাই (Selfie Verification) নেওয়া হতে পারে। এর মাধ্যমে প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করা সহজ হয় এবং অননুমোদিত প্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।
যেভাবে চালু করবেন ফেসবুক হেল্প সেন্টার থেকে জানা যায়, ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপরSettings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করুন। এরপর Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিন।
পরবর্তী ধাপে Next বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী মুখের সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।
তবে শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে হ্যাকারদের কৌশলও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই শুধুমাত্র একটি শক্তিশালী পাসওয়ার্ডের ওপর নির্ভর না করে একাধিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করাই সবচেয়ে কার্যকর উপায়। ডিজিটাল দুনিয়ায় নিজের ব্যক্তিগত ছবি, তথ্য ও চ্যাটলিস্ট সুরক্ষিত রাখতে আজই আপনার ফেসবুকের এই ম্যাজিক সেটিংসটি চেক করুন এবং নিরাপদ থাকুন।
মন্তব্য করুন