
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না; এর মূল চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং রাষ্ট্র কাঠামোর সংস্কারের আহ্বান জানান।
বুধবার (০১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। তার ভাষায়, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে।
জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীর গতিতে হচ্ছে দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। আশা করছি, সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে।’
এ সময় হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘ইনুর ১০ বছরের সাজা হতে পারে না। আমরা আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তি প্রত্যাশা করছি।’
মন্তব্য করুন