
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষকে এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও ভাবতে হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। একই সঙ্গে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
তিনি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতির লক্ষণ আশাব্যঞ্জক নয়। তার ভাষায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নতুন নতুন অপরাধের জন্ম দিচ্ছে।
পোস্টে তিনি আরও দাবি করেন, সরকার কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। ফলে জনগণকে নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হচ্ছে। একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’
মন্তব্য করুন