
গাইবান্ধার সাঘাটা উপজেলার পল্টন মোড় এলাকা থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোনসহ শরিফুজ্জামান সোহাগ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাঘাটা থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাকিলুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সোহাগকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৪৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি টেকনো স্পার্ক স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা।
গ্রেপ্তার সোহাগ উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের শিমুরতাইড় গ্রামের মৃত আব্দুল মাজেদ ওরফে মাজুর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন