
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি (বিসিডিএস) উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলার আদ-দ্বীন রোডের ডায়মন্ড প্লাজায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মো. আবু মুছা মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহিদুল মোমিন সুমন। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এবং যশোর পবিস-১-এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম গোলাম কাদীর। প্রধান আলোচক ছিলেন বিসিডিএস যশোর জেলা শাখার সভাপতি এ. এম. জামাল উদ্দিন বিলু।
সভাপতির বক্তব্যে আবু মুছা মিন্টু বলেন, বিসিডিএস শুধু একটি পেশাজীবী সংগঠন নয়, এটি সদস্যদের অধিকার সংরক্ষণ, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের ঐক্য, শৃঙ্খলা ও আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক এ. এম. জামাল উদ্দিন বিলু বলেন, একটি সংগঠনের শক্তি ব্যক্তি নয়, বরং সদস্যদের ঐক্য, শৃঙ্খলা, সততা ও পারস্পরিক আস্থার মধ্যে নিহিত। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিরা নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি, আইন মেনে ব্যবসা পরিচালনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন উপজেলা ও থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। জেলা শাখার সদস্য আজমও সংগঠনের ঐক্য ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
শেষ পর্বে সাংগঠনিক কার্যক্রম, সদস্য কল্যাণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন