শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৩৯, পানিবন্দি ৯ লাখ মানুষ

মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৩৯, পানিবন্দি ৯ লাখ মানুষ

টানা কয়েক দিনের রেকর্ডভাঙা বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যায় লন্ডভন্ড হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। চট্টগ্রাম বিভাগের ৫টি জেলায় বন্যা ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নদীর পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বর্তমানে প্রায় ৯ লাখ ২৮ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়া উপজেলায়। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকায় বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ পৌঁছাতে স্পিডবোট নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে, যেখানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে (যার মধ্যে ১৩ জনই রোহিঙ্গা)। এছাড়া চট্টগ্রামে ৮ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙ্গামাটিতে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ও বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে ঢলের পানিতে ভেসে গিয়ে আশিক (১১) ও মিরাজ (৬) নামে দুই শিশুর সলিলসমাধি ঘটেছে।

চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাঙ্গু ও ডলু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে দুই উপজেলার ৫ লাখের বেশি মানুষ এখন পানিবন্দি। বসতঘর, আবাদি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক সম্পূর্ণ পানির নিচে। সড়ক ডুবে যাওয়ায় অনেক জায়গায় নৌকাই এখন যাতায়াতের একমাত্র মাধ্যম। ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোরশেদুর রহমান জানান, অনেক এলাকায় কোমর থেকে গলা সমান পানি হওয়ায় প্রায় ১ হাজার ৫শ পরিবার চরম সংকটে আছে। বরাদ্দ মিললেও বন্যার তীব্রতার কারণে ত্রাণ আনা সম্ভব হচ্ছে না।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান বলেন, "৪ লাখের বেশি মানুষ পানিবন্দি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্গম এলাকায় পৌঁছানো, কারণ সেখানে সড়ক ও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন। আমরা দুর্গম এলাকায় ত্রাণ পাঠাতে সেনাবাহিনীর স্পিডবোট ব্যবহারের প্রস্তুতি নিচ্ছি।" অন্যদিকে বাঁশখালীর বাহারছড়ার বাসিন্দা শাহেদ হোসেন জানান, উপকূলীয় দুর্গম ইউনিয়নগুলোতে টানা তিন দিন ধরে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে, এখনো অনেক জায়গায় সরকারি ত্রাণ পৌঁছায়নি।

কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরীসহ ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা প্লাবিত হয়ে প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়িতে বুকসমান পানি ওঠায় হাজারো পরিবারে রান্নার কোনো ব্যবস্থা নেই, দেখা দিয়েছে নিরাপদ পানির তীব্র সংকট। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ধসে রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক উপত্যকায় আটকা পড়েছিলেন ৪৬১ জন পর্যটক। পরে বাংলাদেশ সেনাবাহিনী ডুবে যাওয়া সড়কগুলোতে নৌকা ও সড়কপথের সমন্বয়ে তাদের নিরাপদ স্থানে উদ্ধার করে। নিরাপত্তা ঝুঁকি বহাল থাকায় বান্দরবান জেলা প্রশাসন জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও রাইমসের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু ও সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই ৫টি জেলাকেই পাহাড়ধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

শুধু চট্টগ্রাম বিভাগই নয়, উজান থেকে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ৩টি উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। হবিগঞ্জ-মিরপুর সড়কের বেশ কয়েকটি অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং শহররক্ষা বাঁধ এখন চরম ঝুঁকিতে রয়েছে।

দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সর্বোচ্চ জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সরকারিভাবে বন্যাকবলিতদের জন্য ৭শ টন চাল ও ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাতকানিয়া ও বাঁশখালীর দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে : ভূমিমন্ত্রী

সিএনএন / ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা মেরামত করেছে ইরান

চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৩৯, পানিবন্দি ৯ লাখ মানুষ

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব / আম রপ্তানির উজ্জল সম্ভাবনা রয়েছে : উপাচার্য

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে ধস, বিশাল সুরঙ্গ সৃষ্টি

অপ্টার পূর্বাভাসে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দৌড়ে এগিয়ে আর্জেন্টিনা

জমি বিরোধে ১০টি গাছ কাটার অভিযোগ

স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের, লামিন ইয়ামালের হুঁশিয়ারি

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে পানিবন্দি মানুষের পাশে এমপি গোলাম রসুল ও স্বাস্থ্য বিভাগ

তেল রপ্তানি কমার আশঙ্কা : আইইএ

তরুণদের মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

X