
যশোরে এক কলেজ শিক্ষককে নাশকতার মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানোর ঘটনায় সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছে তার পরিবার। জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় গত ২৪ জুন যশোর কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা (নম্বর-৭৩) দায়ের করা হয়। এই মামলায় যশোর সরকারি মহিলা কলেজের আইসিটি বিভাগের শিক্ষক ও হামিদপুর দক্ষিণপাড়ার বাসিন্দা বাবুল হোসেন বাবুকে আসামি করা হয়। গত ৩০ জুন পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শিক্ষকের বাবা জালাল উদ্দিনের দাবি, 'আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। প্রতিবেশীদের সাথে জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে ওকে এই রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে। আমরা সঠিক তদন্ত ও ওর দ্রুত মুক্তি চাই।'
এ বিষয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মোফাক্কেল হোসেন জানান, মামলাটি বর্তমানে বিচারাধীন এবং তদন্ত চলমান রয়েছে। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন